ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১১ দিন পর বেনাপোল-খুলনা-মোংলা রুটে ট্রেন চালু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৩, ১৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

১১ দিনের বন্ধের পর আজ থেকে আবার বেনাপোল-খুলনা-মোংলা রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে ছুটে যায়।

আজ বুধবার (১৪ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে বেনাপোল থেকে।

এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ১১ আগস্ট নতুন করে ঘোষণা দেন বেতনা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার থেকে এ রুটে চলাচল করবে। মঙ্গলবার অফ ডে থাকায় কোন ট্রেন চলাচল করেনি। 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতায় নিরাপত্তাঝুঁকি বিবেচনায় গত ১৮ জুলাই থেকে ৩১ জুলাই ১৩ দিন বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। এরপর ১ আগস্ট ট্রেনটি চালু হলেও দুই দিন পর তা আবার বন্ধ হয়ে যায়। 

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট ট্রেনটি চলাচল শুরু হয়। দুই দিন পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিনের মাথায় আজ বুধবার আবার বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি