ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

ভাইরাল ‘তাজু ভাই’ মনের কষ্ট ভুলতে যুক্ত হন ভিডিওতে

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৪, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৯, ১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যুবক মো: তাইজুল ইসলাম ‘তাজু ভাই’ নামে পরিচিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় তিনি। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত ওই ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

ভিডিওতে তিনি বলেন, “এখানে অনেক দোকানপাট, অনেক জিলাপি ভাজতেছে। তার কাছে আমি প্রশ্ন করবো—জিলাপি কত করে বিক্রি করে? সাদাডা কত,লালডা কত?” 

পরে তিনি দোকানিকে প্রশ্ন করেন, “জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।”

তাজু ভাইয়ের ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’-এ বর্তমানে প্রায় ৩১ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি ইতোমধ্যে প্রায় ৫০ লাখ (৫ মিলিয়ন) মানুষ দেখেছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভিডিওটি বিনোদন হিসেবে দেখছেন ও প্রশংসা করছেন, আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করছেন।

তাইজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তার পরিবারে বাবা-মা, তিন ভাই ও তিনবোন নিয়ে সংসার। দুই বোনের বিয়ে হয়েছে। সংসারে তাইজুল সবার বড়। বাকিরা পড়াশোনা করছে। নিজের বাড়িভিটা নেই।  অন্যের ভিটায় বসবাস করেন। বাবা-মা শ্রবণ প্রতিবন্ধী। মা রাস্তায় মাটির কাজ করেন। অভাবী সংসারে তাইজুল ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। তিন/চারমাস কাজ করে যখন বাড়িতে আসেন তখন তিনি ভিডিওর কাজ করেন।

মূলত: বিনোদনপ্রেমি তাইজুল গান বাজনার দলের সাথে থাকতে পছন্দ করেন। সংসারের দু:খ কষ্ট ভুলতে তিনি এধরনের কাজে যুক্ত হন। প্রত্যন্ত এই এলাকায় আসতে চারটি নৌঘাট পাড়ি দিতে হয়। ফলে সাংবাদিকসহ কেউ এখানে আসেন না। তাই তিনি এলাকার ঘটনা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে।

নিজে সাংবাদিক নয় পরিচয় দিয়ে তিনি জানান, মনের কষ্ট ভুলতে এবং এলাকার উন্নয়নে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ভিডিও করে থাকেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি