ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে যুবদলকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:২৩, ৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে মিনহাজ উদ্দিন নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) সকালের দিকে নগরের বাকলিয়া থানাধীন বলুয়ার দিঘীরপাড় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার  মিনহাজ  উদ্দিন বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার মৃত মিজানের ছেলে।

ঘটনার জেরে পাল্টা হামলায় আরমান প্রকাশ এঞ্জেল নামে আরও একজন আহত হয়েছেন। আহত এঞ্জেল বাকলিয়া থানার  বউবাজার এলাকার মৃত রফিকের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মিনহাজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে দুপুর দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউ বাজার এলাকায় মিনহাজের অনুসারীরা পাল্টা হামলা চালায়। এ সময় এঞ্জেলের ওপর হামলা করা হয় এবং তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় তিনি একটি বাসায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনাস্থল দুই থানার আওতাধীন হওয়ায় নগরের কোতোয়ালী ও বাকলিয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভুঁইয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয় এবং পরে পাল্টা হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর এলাকায় গোলাগুলি ও কুপিয়ে চারজনকে আহত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার এবং একটি শটগানসহ গুলি উদ্ধার করে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি