ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে গুলি, যুবদল নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ২২:৪০, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৩, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ) নামানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ৩৭ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা।
মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— সারজিল আহম্মেদ অভি, আব্দুল হামিদ প্রধান, আব্দুস সালাম, আকাশ, সুমন মোল্লা রকেট, খায়রুল কবির জসিম, ইয়াসিন, মশিউর রহমান রনি, আলী রতন, মুরাদ হাসান, আদনান আজিজ প্রাপ্ত ও পল্লব। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে ঝুট নামানোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ৯ এপ্রিল সকালে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
অভিযোগে বলা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে বাদীকে অবরুদ্ধ করে মারধর করে। একপর্যায়ে এলাকায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
হামলার খবর পেয়ে বাদীর ছেলে রাকিবুল হাসান ঘটনাস্থলে গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ইমরান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনার পর উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্তে কাজ চলছে এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআর//
আরও পড়ুন










