ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেন কনস্টেবল সম্রাট, দাবি পরিবারের

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নিজ নামে ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন সম্রাট বিশ্বাস নামে খুলনা রেলওয়ে পুলিশের এক কনস্টেবল। পরিবারের দাবি, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন সম্রাট। 

শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে অস্ত্রাগারে দায়িত্বরত অবস্থায় তিনি নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। 

মৃত সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। 

বিকাল সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। এসময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা।

নিহতের এক স্বজন জানান, ‘৫-৬ হলো সম্রাটের বিয়ে, রাতে বউয়ের সঙ্গে ফোনে ঝড়া হয়। সেই রাগ সামলাতে না পেরে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে সে। বউয়ের জন্যই ছেলেটা মারা গেল।’

আরেকজন জানান, ‘ছেলেটা খুবই ভালো ছিল। স্বামী-স্ত্রীর মনোমালিন্য ছাড়া কিছুতেই সে আত্মহত্যা করতে পারে না। সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পান সম্রাট। চাকরিরত অবস্থায় প্রেমে জড়িয়ে পড়েন সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাসের সঙ্গে। ছয় মাস আগে পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সামনের মাসে বিয়ের আনুষ্ঠানিকতার কথা ছিল তাদের।

তার স্ত্রী পূজা বিশ্বাস বর্তমানে কর্মরত সাতক্ষীরা জেলায়। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল সম্রাট ও তার স্ত্রীর মধ্যে।

সম্রাটের মামা সত্যজিৎ রায় জানান, আমরা খবর পেয়ে খুলনা গিয়ে আমার ভাগ্নের মরদেহ হাসপাতালে পড়ে থাকতে দেখি। ৬ মাস আগে আমাদের সে জানায় সাতক্ষীরা পুলিশে চাকরি করে এক মেয়েকে সে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। পরিবারের একমাত্র ছেলে বলে আমরা আর কিছু না ভেবে দুই পরিবার থেকে রেজিস্ট্রি করে বিয়ে দেই। বিয়ের পর থেকে পরিবারে সে এক টাকাও দিত না। সব বউ নিয়ে যেত।

তিনি আরও জানান, ওর সহকর্মীদের কাছ থেকে জানতে পারি প্রতিদিনই ওদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতরাতে ফোনে দুজনের মধ্যে রাগারাগি হয়। এরপরই এ ঘটনা ঘটিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি