বিদেশি নাগরিকদের উত্ত্যক্ত করায় দুই টিকটকার গ্রেপ্তার
প্রকাশিত : ২১:০৭, ১০ মে ২০২৬ | আপডেট: ২১:১০, ১০ মে ২০২৬
নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) ভোরে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
আটকরা হলেন আমিনুল ইসলাম (২৯) ও রাসেল নামে আরেক ব্যক্তি। এর মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হোলি দাগাছি এলাকার তমির উদ্দিনের ছেলে।
ওসি শফিকুল ইসলাম জানান, আটক অপর ব্যক্তি রাসেলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতার সঙ্গে তদন্ত চলছে বলে জানান তিনি।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিজেকে কনটেন্ট ক্রিয়েটর পরিচয় দেওয়া এক ব্যক্তি দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন মন্তব্য ও আচরণ করছেন। ভিডিওতে তাকে বিদেশিদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়, যা তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এমআর//
আরও পড়ুন










