ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬

গাজীপুরের আলোচিত ৫ খুনের ঘাতক ফোরকানের লাশ মিললো পদ্মায়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৩, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৯:২৫, ১৬ মে ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলাকেটে ও শ্বাসরোধে হত্যায় অভিযুক্ত ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের ঘোড়দৌড় এলাকার পুরান পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অনেকটাই বিকৃত ও অর্ধগলিত হয়ে গেছে। মুখমণ্ডল ও আঙুলের অংশ খসে পড়েছে। নিহতের ভাই জব্বার প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন উদ্ধার হওয়া মরদেহটি গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর ৫ হত্যাকাণ্ডের মূল ঘাতক ফোরকানের।

গত ৮ মে গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা গ্ৰামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে তার ভাড়াটিয়া ফোরকান তার স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম, মারিয়া, ফারিয়া ও শারমিনের ছোটভাই রসুলকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায়  নিহত শারমিনের বাবা শাহাদাৎ মোল্লা ঘটনার রাতেই কাপাসিয়া থানায় ফোরকানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। যেখানে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের মরদেহ দেখিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দেহটি ফোরকানেরই। বিষয়টি আরো নিশ্চিত হতে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি