ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-৫

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০২, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:০৩, ১৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে নিলক্ষা ইউনিয়নের সাবেক মেম্বার উসমান মিয়ার ছেলে অনিক (২০), একই এলাকার রাজু মিয়া (২৮) এবং মোবারক হোসেন (২৬)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোর থেকেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে।

এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু ও মোবারকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি সদস্য উসমান মিয়ার ছেলে অনিক (২০) মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসনসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি, তবে বিস্তারিত জেনে জানানো হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি