ঢাকা, সোমবার   ১৩ জুলাই ২০২৬

যশোরে যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০৯, ১৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প-সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। রাব্বি সম্পর্কে নিহত রুবেলের ছোট বোনের দেবর।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি