ঢাকা, সোমবার   ২৪ আগস্ট ২০২৬

ফরিদপুরে ধর্ষণের দুই মামলায় তিনজনের যাবজ্জীবন 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৮, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে সংঘবদধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থ দণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই দিনে ধর্ষণ মামলার ওপর এক রায়ে আরও এক ব্যক্তিকে একই দণ্ড দেওয়া হয়।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার এক নারীকে সংঘধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন মোল্লা এবং ওসমান বেপারী। তারা সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ তুলে ধরে পাবলিক প্রসিকিউটর জানান, ওই নারী আগুন নামের জনৈক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ১৭ অক্টোবর পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকায় যান। কিন্তু দীর্ঘ সময় ধরেও প্রেমিক তার সাথে যোগাযোগ না করলে আসামিরা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে। 

পরে ওই নারীকে শহরের ভাটিলক্ষীপুর এলাকার একটি বাড়িতে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ২১ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

পাবলিক প্রসিকিউটর আরও জানান, একই দিনে ওই আদালতেই অপর একটি ধর্ষণের ঘটনায় রাসেল মন্ডল নামের এক যুবককে অনুরূপ দণ্ড দেওয়া হয়েছে। রাসেল কোতোয়ালি থানার আইকন গ্রামের সিরাজ মণ্ডলের পুত্র। 

২০২৩ সালের ২৬ নভেম্বর ওই আসামী তাম্বুলখানার এক কিশোরীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ২৭ নভেম্বর আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি