৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
প্রকাশিত : ১৫:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
সোমবার রাতে কোতয়ালী থানায় ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামী করে মামলাটি করা হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বিষূটি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়িতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়ী ঘরে তাণ্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়।
এসময় শোর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।
শাশীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়িতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙ্গার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অত:পর তার মালিকানাধীন কে.বি ব্রিকস এ গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে তৎপর রয়েছে। তিনি জানান, এজাহার নামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে।
এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শংকিত জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
এএইচ
আরও পড়ুন










