ফেসবুকে তরুণীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩
প্রকাশিত : ০৮:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকের বিভিন্ন আইডি ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক তরুণীর আপত্তিকর ছবি প্রচার ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি জানতে পেরে ওই তরুণীর বাবা গত ৪ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ১৯(ক), ২৫ ও ২৭ ধারায় মামলা করেন। মামলাটি সৈয়দপুর থানার সাইবার সুরক্ষা আইন মামলা নম্বর-০৭।
মামলার পর পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দপুর শহরের সাহেবপাড়া নিচু বাগান এলাকার মো. কামালের ছেলে মো. সুজন (২৫), একই এলাকার লিচু বাগানের মো. কামালের ছেলে মো. শাকির ওরফে রানা (৩০) এবং শাকিরের স্ত্রী মোছা. মাহিমা ইসলাম ওরফে শাম্মী (২৫)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বিভিন্ন ফেসবুক আইডি এবং আসামিপক্ষের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাদীর মেয়ের আপত্তিকর ছবি প্রচার করা হচ্ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, বিভিন্ন ফেসবুক আইডি ও আসামিপক্ষের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাদীর মেয়ের আপত্তিকর ছবি প্রচারের অভিযোগে তার বাবা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের পর তাদের ছবি তুলতে গেলে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে গ্রেপ্তারদের স্বজনদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
আরও পড়ুন










