ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

কুমিল্লা সাঁড়াশি অভিযান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২২, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৩, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশকে অস্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিল ও সংঘাতমূলক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব অপতৎপরতা ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করতে কুমিল্লা জেলা জুড়ে একযোগে তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। 

জেলা পুলিশের বিভিন্ন থানার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের সর্বমোট ৮১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

নিষিদ্ধ সংগঠনগুলোর কোনো সদস্য যেন ভবিষ্যতে আর কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে আসামিদের গ্রেপ্তার করে। 

এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, বরুড়া থানায় ১০ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, লাকসাম থানায় ৪ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন, বুড়িচং থানায় ৩ জন, হোমনা থানায় ৩ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) ২ জন এবং তিতাস ও মুরাদনগর থানায় ১ জন করে সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি