টাঙ্গাইলে অবৈধ সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ ও প্রকৃতি বিপর্যস্ত
প্রকাশিত : ১৮:২৭, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩১, ৯ নভেম্বর ২০২৬
টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদন কারখানার জন্য নির্ধারিত স্থানে নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠেছে একটি সিসা তৈরির কারখানা। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ‘মেসার্স ব্রাদার্স মেটাল’নামের এই কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। কারখানা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও বর্জ্যের কারণে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির এই কারখানায় শ্রমিকরা কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করছেন, যার মধ্যে শিশু শ্রমিকও রয়েছে। কারখানায় নেই কোনো অগ্নিনির্বাপণ বা বর্জ্য শোধন ব্যবস্থা। চুল্লি থেকে বের হওয়া বিষাক্ত কালো ধোঁয়া অনবরত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
বিশেষ শর্তে খাদ্য উৎপাদনের কথা বলে জায়গা বরাদ্দ নেওয়া হলেও, পরবর্তীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই ক্ষতিকর কার্যক্রম শুরু করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কারখানার বিষাক্ত ধোঁয়া ও অপরিকল্পিত বর্জ্যের কারণে পুরো এলাকার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ড্রেনের বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, আর বাতাসে ছড়ানো সিসার কারণে এলাকায় শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ বাড়ছে। ধোঁয়ার প্রভাবে আশপাশের আম, জাম, কাঁঠালসহ কোনো গাছে ফল আসছে না এবং ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো সুফল পাচ্ছেন না বলে জানান।
এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার জানান, খাদ্য উৎপাদনের ছাড়পত্র নিয়ে প্রতিষ্ঠানটি অবৈধভাবে সিসা তৈরির কারখানা গড়ে তুলেছে। এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহলের দাবি, বিসিকের মতো গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় জনস্বাস্থ্য ও প্রকৃতি ধ্বংসকারী এই সিসা কারখানা কীভাবে অনুমতি পেল তা খতিয়ে দেখে দ্রুত এটি বন্ধ করা হোক। একই সাথে এলাকার পরিবেশ রক্ষা ও মানুষের স্বাস্থ্যঝুঁকি মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এমএইচ
আরও পড়ুন










