গাজীপুরে ১৩ কারখানা বন্ধ ঘোষণা, ৮টিতে সাধারণ ছুটি
প্রকাশিত : ১০:১৭, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০০, ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে গাজীপুরের পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকায় ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া আরও ৮টি কারখানায় আজ সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
কারখানার বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে। নো ওয়ার্ক নো পে এসব কারখানায়। শ্রমিকরা বলছে, এই নো ওয়ার্ক নো পের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা চাকরি ও ডিউটি করতে চান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বিজিবির ১২, আনসারের পাঁচ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিল্প পুলিশের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি অনুসরণ করে আজকের জন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ পুনরায় কারখানা চালুর সিদ্ধান্ত নেবে।
শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রোববারও কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কিছু কারখানায় শ্রমিকেরা কাজ না করে বসে রয়েছেন। শিল্প পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্ধের নোটিশ জারি না হওয়া পর্যন্ত কোনো কারখানাকে বন্ধ হিসেবে বিবেচনা করা যাবে না।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
এদিকে, রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
এএইচ
আরও পড়ুন










