সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ
প্রকাশিত : ১২:৫০, ২৯ অক্টোবর ২০২৬
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ের পরিচিত অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার। এমন পরিস্থিতিতে অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ভিডিওগুলোতে তাঁকে অস্বাভাবিক অবস্থায় বিভিন্ন স্থানে দেখা যায়।
এর পরিপ্রেক্ষিতে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান অনেকে।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, পরিবারের অনুমতি পাওয়ার পর অভিনেতার চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় সংগঠনটি বহন করবে এবং পুরো প্রক্রিয়া তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
তিনি আরও জানান, প্রায় তিন বছর আগেও সমু চৌধুরীর পাশে দাঁড়িয়েছিল অভিনয়শিল্পী সংঘ। সে সময় গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না থাকায় তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এবার পরিবারের সম্মতি পাওয়ায় অভিনেতার চিকিৎসা নিশ্চিত করার কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের অসুস্থতা ও আর্থিক সংকটের মধ্যে এই উদ্যোগ সমু চৌধুরী ও তাঁর পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
ঐ.মিষ্টি /










