ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

১৯ সংগঠনের দায়িত্ব ছাড়লেন চিত্রনায়ক জয় চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বে অনাস্থা প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় জয় চৌধুরী জানান, শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ১৯ সংগঠনের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

তার অভিযোগ, হেলাল খান শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেছেন। পাশাপাশি তাঁর উপস্থিতিতে কয়েকজন বহিরাগত ব্যক্তি শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং এর সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) এফডিসির প্রধান ফটকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও কর্মসূচির আয়োজন করা হয়। এতে হেলাল খানসহ চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকলেও জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ নেননি।

কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে জয় চৌধুরী ও হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় হেলাল খান জয়কে ‘ফ্যাসিস্ট’ বলে সম্বোধন করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জয় চৌধুরী বাংলাদেশ টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি ও নিজের অবস্থান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের কথাও জানিয়েছেন তিনি।

তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, হেলাল খানের সঙ্গে বিরোধ এবং শিল্পীদের প্রতি আচরণ নিয়ে অসন্তোষই জয় চৌধুরীর এই সিদ্ধান্তের মূল কারণ।

ঐ.মিষ্টি /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি