হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১২৪২
প্রকাশিত : ১৮:০৭, ২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২০, ২ অক্টোবর ২০২৬
সারা দেশে গত এক দিনে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১১৪ জনে দাঁড়াল।
এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে শুধু ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। সেই সঙ্গে এই সময়ে ঢাকা বিভাগেই নিশ্চিত হামে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমএইচ










