ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

সাপের বাচ্চা সাপ-ই হয়: তুরিন আফরোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৫০, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধী ও রাজাকারদের সন্তানেরা দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, তাঁদের ব্যাপারে সবাইকে সাবধান হতে হবে। মনে রাখতে হবে, সাপের বাচ্চা সাপ-হয়। তাই, তারা যাতে সরকারি ও বেসরকারি কোন উচ্চ পদে চাকরি করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা গবেষণা সংসদের আয়োজনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অর্জন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে প্রায় ২১ গবেষক এই সেমিনারে বক্তব্য প্রদান করেন।

তুরিন আফরোজ বলেন, মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। তবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের কোন নির্দিষ্ট সময় সীমা নেই। তাই সেই লড়াই চালিয়ে যেতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি, যোগ করেন তিনি।

তুরিন আফরোজ আরও বলেন , ‘আমাদের পূর্বপুরুষেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতা রক্ষা করবার দায়িত্ব আমাদের। তাই আমাদের বন্ধু চিহ্নিত করার পাশাপাশি শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে, ১৬ই ডিসেম্বার বিজয়ের প্রাক্কালে ১৪ই ডিসেম্বর মোহাম্মদপুরে বদর কম্যান্ডার মুজাহিদের নেতৃত্বে যে সমাবেশ হয় সেখানে তাদের প্রতি নির্দেশ ছিলো সমাজের বিভিন্ন স্তরে মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার। সেই থেকে আজ অবধি তারা সমাজের বিভিন্ন স্তরে মিশে গিয়ে, পাকিস্তানিদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

সাপের বাচ্চা সাপ ই হয় জানিয়ে তুরিন আফরোজ বলেন, এই সব সাপেরা বাংলাদেশকে দংশন করার অপেক্ষায় আছে । সুযোগ পেলেই বিষ দাত বসিয়ে দিবে। তাই এরা যেন সরকারি বা বেসরকারি কোন উচ্চ পদে চাকরি করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রয়জনে ভিয়েতনামের মত আইন করে নিষিদ্ধ করতে হবে।

জনাব প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ , গবেষক ডঃ নূহ-উল-আলম লেনিন , বিশিষ্ট কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক সোহরাব হাসানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি