নিউজ পোর্টালের সংবাদ ও কনটেন্টের গুণগত মান নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশিত : ১৬:২৭, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:২৮, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও সংবাদ পরিবেশনের গুণগত দিক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ জন্য পোর্টালগুলোতে দক্ষ ও মানসম্পন্ন সাংবাদিক সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে মান বজায় রাখা অত্যন্ত জরুরি। মান ঠিক না থাকলে পাঠকের আগ্রহ ও ভিউ—কোনোটিই প্রত্যাশিত পর্যায়ে থাকবে না। পাঠক যেন আগ্রহ নিয়ে পোর্টালে সংবাদ পড়তে আসেন, সে জন্য সংবাদ ও কনটেন্টের গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি হিসেবে নেওয়া পাঁচ হাজার টাকা মূলত একটি টোকেন ফি। এটি নতুন কোনো বিষয় নয়, অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। এ ফি বড় কোনো অঙ্ক নয়। বরং কেউ কেউ ফি পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও দিয়েছেন।
তিনি বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।
এমএইচ
আরও পড়ুন










