ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ তত্ত্বাবধায়ক নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) নিয়োগ দিয়েছে সরকার। নবম গ্রেডে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। 

আগামী ২২ নভেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ১৫ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) গত ২০ মে'র সুপারিশ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১২ অনুসরণ করে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বর মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দু'বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শুরুর আগে একজন জামিনদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।

শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ ব্যয়সহ সংশ্লিষ্ট অর্থ ফেরত দিতে হবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে বদলি করা যাবে। চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের ঘাটতি, জালিয়াতি কিংবা অসত্য তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রশাসনিক ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে।

জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি