ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬

চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর সিএমজির

বৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদারে চীন প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি জানান, বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায় চীন। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের স্থিতিশীলতা, ঐক্য এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ওয়াং ই আরও উল্লেখ করেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কৌশলের সমন্বয়ের মাধ্যমে বাণিজ্য, অবকাঠামো, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং সংযোগ খাতে বিনিয়োগ আরও বাড়ানো হবে। পাশাপাশি সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান খাতেও সহযোগিতা জোরদারের কথা তুলে ধরেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এ সম্পর্ক বাইরের কোনো প্রভাবের অধীন হওয়া উচিত নয়।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনকে বাংলাদেশের একজন ‘অপরিহার্য বন্ধু’ হিসেবে অভিহিত করেন। তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ সমর্থন করে এবং তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদ-এর ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং একটি স্থিতিশীল, বিনিয়োগবান্ধব ও অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে এবং একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি