বগুড়াকে অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরের ঘোষণা
প্রকাশিত : ১৬:১৬, ৭ মে ২০২৬ | আপডেট: ১৭:১৬, ৭ মে ২০২৬
দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে আধুনিক অবকাঠামো নির্মাণ সময়ের দাবি। রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের আকাশপথে যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের জন্য প্রথম সামরিক বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরে শিগগিরই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান ওঠানামার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি পাইলট একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে সামরিক পাইলটদের পাশাপাশি বেসামরিক মেধাবী তরুণ-তরুণীরাও পাইলট হওয়ার সুযোগ পাবেন।
মীর শাহে আলম জানান, আন্তর্জাতিক মানের বিমানবন্দরের জন্য প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে প্রয়োজন। বর্তমানে বিদ্যমান রানওয়ে সম্প্রসারণ করে সেই মানে উন্নীত করা হবে। ভবিষ্যতে এই বিমানবন্দরে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ ও সামরিক বিমান চলাচল করবে। এর ফলে উত্তরাঞ্চলের কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।
এমআর//
আরও পড়ুন










