দুই দিনের ঢাকা সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৫:৫৫, ৮ মে ২০২৬
পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন রেজা নাকভি দুই দিনের এক গুরুত্বপূর্ণ সফরে ঢাকা এসেছেন।
শুক্রবার (৮ মে) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তার অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকায় পৌঁছার তথ্য নিশ্চিত করা হয়।
এ সময় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র সচিব আবু নাঈম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিমউদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
এছাড়া আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা এবং ক্রিকেটে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।
এর আগে গত ৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানিয়ে একটি নোট ভারবাল পাঠিয়েছিল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। তাতে আরো জানানো হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শুক্রবার (৮ মে) ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফর শেষে তিনি ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
এমআর//
আরও পড়ুন










