ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টায় নিম্নচাপটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

পরবর্তীতে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

৫ দিন বৃষ্টিপাতের আভাস

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে।

আবহাওয়াবিষয়ক পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর মঙ্গলবার দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

পরের দিন বুধবার ২৮ অক্টোবর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে।

পঞ্চম দিন বৃহস্পতিবার ২৯ অক্টোবর রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারাদেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

ঐ.মিষ্টি/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি