ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬

সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান (সচিবালয় নিরাপত্তা শাখা) স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারীকে তাদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।

সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিং এ আগত ও ওটিপি-এর মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। 

বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে আবশ্যিকভাবে সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণকে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠভাবে পর্যবেক্ষণ ও তদারকি করতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। 

এ প্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করার নিমিত্তে কিছু নির্দেশনা নির্দেশক্রমে প্রদান করা হলো। 

এসব নির্দেশনার মধ্যে রয়েছে— সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের তারিখগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সাথে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা, বর্তমানে দর্শনার্থী প্রবেশের সময় ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়া, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া ও ছুটিতে গমণকারী কর্মকর্তাদের ওই সময়ের জন্য তাদের ওটিপি প্রদান বন্ধ রাখা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি