ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন।

ঘটনার পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি