ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১০, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে বড় ধরনের ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি খরচ কমাতে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ এবং নতুন ভবন নির্মাণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া, মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়ের বাইরে কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না।

সোমবার (৯ নভেম্বর) অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো খাতের জন্য নতুন আবাসিক বা অনাবাসিক ভবন নির্মাণ করা যাবে না। তবে চলমান কোনো নির্মাণকাজের অগ্রগতি অন্তত ৭০ শতাংশ হলে অর্থ বিভাগের অনুমতি নিয়ে ব্যয় করা যাবে।

যানবাহন কেনার ক্ষেত্রে পরিপত্রে বলা হয়েছে, মোটরযান, জলযান ও আকাশযান কেনার বরাদ্দ বন্ধ থাকবে। তবে ১০ বছরের পুরোনো গাড়ি প্রতিস্থাপন বা নতুন সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনে গাড়ি কেনা যাবে। এই ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার গাড়ি ছাড়া অন্য সব জিপ বা কার অবশ্যই 'ফুল ইলেকট্রিক ভেহিকল' (FEV) হতে হবে। এছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধা এবং পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের বরাদ্দও বন্ধ করা হয়েছে।

সরকারি অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশে সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে সীমিত পরিসরে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে আপ্যায়ন ও উৎসবের মতো আয়োজনগুলোর ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ীভাবে অর্থ ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে গত দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আদায়ের ধারা বিবেচনা করতে বলা হয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রাক্কলন তৈরি করতে হবে 'জাতীয় বেতনস্কেল-২০২৬' অনুসরণ করে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। নির্বাচনি ইশতেহার, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে টাকা স্থানান্তর করার কথা বলা হয়েছে। একই উদ্দেশ্য বা প্রকৃতির একাধিক ছোট প্রকল্প আলাদাভাবে না এনে একসঙ্গে 'গুচ্ছ প্রকল্প' হিসেবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেটের এই প্রাক্কলন ও ব্যয় পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে অনুমোদন করাতে হবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে পরিচালন বাজেটের সংশোধিত প্রাক্কলন অর্থ বিভাগে পাঠাতে হবে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি