ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করবে সরকার: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৭, ১২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাংবাদিকতা পেশায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নোত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এই পরিকল্পনার কথা জানান।
স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের করা এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, গতিশীল ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

প্রস্তাবিত এই সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন প্রদান এবং প্রকৃত সংবাদকর্মীদের একটি কেন্দ্রীয় অনলাইন ডেটাবেজ সংরক্ষণের এখতিয়ার পাবে। এর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, স্বীকৃতি প্রদান এবং পেশায় প্রবেশের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ঠিক করার দায়িত্বও প্রতিষ্ঠানটিকে দেওয়া হতে পারে।

তথ্যমন্ত্রী আরও জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে পেশাগত আচরণবিধি ভঙ্গকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির ধারা আইনে যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। এই বিধিমালার অধীনে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নৈতিকতা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনাগুলো বিচারের আওতায় আনা হবে।

এছাড়া, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে বা জনস্বার্থের পরিপন্থী কোনো সংবাদ প্রকাশ কিংবা মুদ্রণ করা হলে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় নির্দেশনা জারির ক্ষমতা পাবে প্রেস কাউন্সিল। গুজব, অপতথ্য এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর ক্ষেত্রেও এই আইনি ক্ষমতা প্রয়োগের প্রস্তাব করা হয়েছে।

অপরদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত মতবিনিময় করছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব পেশাজীবী সংগঠনের পরামর্শের আলোকে প্রকৃত সাংবাদিকদের একটি নির্ভুল তালিকা বা ডেটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দৃষ্টিতে, কারা সাংবাদিক হিসেবে গণ্য হবেন—সেই মানদণ্ড নির্ধারণের প্রস্তাব দেওয়ার সবচেয়ে উপযুক্ত পক্ষ হলো সাংবাদিক সংগঠনগুলোই।

তিনি আরও যোগ করেন, কোন নাগরিক কোন পেশায় যুক্ত হবেন কিংবা কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া সমীচীন নয়।

সরকার বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে পূর্ণ আস্থাশীল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই সঙ্গে সর্বস্তরে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের প্রবাহ নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি