ঢাকা, শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশিত হবে স্মারকগ্রন্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৩, ১৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী সোমবার ( ২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং জাতীয় জীবনে অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে উপস্থিত থাকবেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুম বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকেরা। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার জন্য বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; সংগ্রামী গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার; সংবাদপত্রের স্বাধীনতা; প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও জবাবদিহি; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তাঁর ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলিসহ মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকগ্রন্থের লেখায় লেখকেরা নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরতে পারবেন। তবে প্রতিটি লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। প্রতিটি লেখার শব্দসীমা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দ। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।

লেখা পাঠানোর শেষ সময় আগামী ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহীদের লেখা ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: nagorikshoronshova@gmail.com।

এদিকে বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ ও প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে অবদান প্রামাণ্যভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।

নাগরিক সমাজের পক্ষ থেকে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে ড. মাহবুব উল্লাহ, জাতীয় অধ্যাপক, বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি