ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

হাতকড়া ছাড়াই আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভ তাহসিনা রুশদীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে আইনমন্ত্রীর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি সরকারের নজরে আসার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিচার বর্তমানে চলমান রয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়ার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে তার আচরণ ও অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন কোনো আনন্দ ভ্রমণে বেরিয়েছেন এবং পুলিশ তাকে বিশেষ প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। এমন একজন গুরুতর অভিযুক্তকে হাতকড়া বা ডান্ডাবেড়ি ছাড়া এভাবে আদালতে নেওয়ার দৃশ্য ভুক্তভোগী পরিবারগুলোকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার মতো অসংখ্য নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত পরিবার চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সরকার তাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তাহসিনা রুশদীর লুনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, ভাইরাল হওয়া বিষয়টি তার নজরে এসেছে। তবে কারাগার থেকে আসামিকে আদালতে আনা-নেওয়ার বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। তা সত্ত্বেও বিষয়টি জানার পরপরই পরবর্তী হাজিরায় একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া উচিত, ঠিক সেভাবেই তাকে আদালতে নেওয়া হয়েছে। আদালত অঙ্গনে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চয়তা দেন।

বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার কাজ যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং কোনো ফরমায়েশি রায় না আসে, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে থাকা সব তথ্য-প্রমাণ ও নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করে ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও পুনর্ব্যক্ত করেন, বিগত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত সকল গুম, খুন, গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও অঙ্গহানির শিকার প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সংসদে আইনমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বের ঘোষণা অনুযায়ী গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে বিশেষ দল পাঠানো হবে।

তদন্ত দল জেলায় জেলায় গেলে স্থানীয় পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন ও প্রশ্রয়ে সংঘটিত অপরাধের সঠিক তথ্য দিয়ে তদন্তকারীদের সহযোগিতা করার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি