ঢাকা, সোমবার   ১৬ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১১, ১৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার একটি সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন সকাল থেকেই তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয় এবং ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর চালায়।

সহিংসতার একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি পালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। ওই ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, রোববার বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ করে এসআই মোসলেম আলীর চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ওসি আরও উল্লেখ করেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় এসআই মোসলেম আলীর দায়ের করা মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারে ২২৪ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি