ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

৪ জেলায় ৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় সর্বোচ্চ ২০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।

অন্যদিকে গাজীপুর জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

মাঠ পর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।

আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির এ নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা।

শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি