ঢাকা, বুধবার   ২৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১০ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৫ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।

বুধবার (২৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৫ নভেম্বর তারিখে শূন্য ঘোষিত ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন হতে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। বাছাইয়ের তারিখ ৭ ডিসেম্বর, আপিল দায়ের ৮ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আর ভোট গ্রহণ হবে ১০ জানুয়ারি রোববার।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দেন। এতে তিনি ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।

পরে ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি গ্রহণ করেন স্পিকার এবং আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি