হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে: হুমায়ুন কবির
প্রকাশিত : ১৭:৫৬, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৯, ২৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। বর্তমানে ঢাকা ভারতের উত্তরের অপেক্ষায় আছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি, এখন তাদের জবাব দেয়ার পালা। আমাদের জায়গা থেকে যা করার, তা করছি। এ বিষয়ে আমরা অত্যন্ত খোলামেলা।
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
হুমায়ুন কবির বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের সরকারের মধ্যে।
শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন— তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে, তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










