ঢাকা, শনিবার   ২৮ নভেম্বর ২০২৬

এবার পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে বদলি করে মাগুরায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নূরে আলমকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এ ক্ষেত্রে তাকে লালমনিরহাটে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুর জেলায় বদলি করা হয়েছে। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ৩০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি