অস্বাভাবিক লেনদেনে বন্ধ হলো গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট
প্রকাশিত : ১৫:৫১, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৫, ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ জেলায় অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ায় লক্ষাধিক মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় লক্ষাধিক এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত রাখা হয়েছে।
এসব অ্যাকাউন্ট কতদিন বন্ধ থাকবে কিংবা কবে পুনরায় চালু করা হতে পারে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরবর্তী কয়েক দিনের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এসময় সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।
এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি এবং অর্থায়ন করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি বিবেচনায় গত বুধবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এমএইচ
আরও পড়ুন










