ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রোববার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমরা তথ্যমন্ত্রীর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আইন) নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানাই। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি এ আইনের পরিবর্তন বিবেচনা করতে যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল কণ্ঠভোটে পাস হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে। তবে এই আইনের কারণে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হতে পারে বলে বিভিন্ন পক্ষের আপত্তি রয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি