ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

প্লাস্টিকের চালের খবর ভিত্তিহীন: কৃষিমন্ত্রী

প্রকাশিত : ১৪:২৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বলেছেন, এটা কোনোক্রমেই সম্ভব না।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমি ডিসির সঙ্গে কথা বলেছি, আমার অ্যাগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। তারা সেখানে গিয়েছে, সেই চাল এনেছে, রান্না করেছে, মুড়ি বানিয়েছে। সেটা কোনক্রমেই প্লাস্টিকের চাল নয়, এটা বাস্তব সম্মত নয়।

তিনি আরও বলেন, দেশে চাল এখন সারপ্লাস (উদ্বৃত্ত), চাষীরা বিক্রি করতে পারছে না। আমি আমার রিসিপশনে (সংবর্ধনা) টাঙ্গাইলে গিয়েছি, হাজার হাজার মানুষ টাঙ্গাইল শহরে। এক দাবি- চালের দাম নেই, আমরা কৃষকরা শেষ হয়ে গেলাম। এ সম্পর্কে কৃষিমন্ত্রী আমাদের কিছু বলুন। আমি যখন বলেছি, মানুষ হাততালিতে ফেটে পড়েছে। কাজেই প্লাস্টিকের চাল, কোথায় থেকে এটা সম্ভব নাকি? কেন খাওয়াবে?

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গাইবান্ধায় প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্লাস্টিকের কৃত্রিম চাল জব্দও করা হয়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদরের রনি মিয়া নামে একজন ক্রেতা বাজার থেকে চাল কিনে রান্না করতে গেলে সেগুলো গলে জমাট বাধে। এ নিয়ে সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে সেখান থেকে কিছু চাল ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।

চাল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, আমরা সেগুলোও দেখবো। কিন্তু ওইখানে আমাদের কৃষিবিদ, অ্যাগ্রিকালচারাল গ্রাজুয়েট দেখেছে, কোনোক্রমেই প্লাস্টিকের চাল- ইটস ইমপসিবল। একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি