ঢাকা, শনিবার   ১১ এপ্রিল ২০২৬

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই জুলাইযোদ্ধা সিঁথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। 

শনিবার (১১ এপ্রিল) দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিঁথি।

এ বিষয়ে সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।’

২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার (ক্যাপ্টেন আশিক) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত হন ফারজানা সিঁথি।

জানা গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি