ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন বীথিকা বিনতে হোসাইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বীথিকা বিনতে হোসাইন।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা বীথিকা বিনতে হোসাইন প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী। স্বামীর আদর্শ অনুসরণ করে তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর অঞ্চলে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে নির্যাতিত ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছেন তিনি।

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি রাজনৈতিক জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের মধ্যে কাটিয়েছেন। ২০২০ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন শফিউল বারী বাবু। 

এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি