ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

জামায়াত এমপির গাড়ি ভাঙচুর, নেত্রকোণায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:১০, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ও ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, সহিংসতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি