ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

তিন দফা দাবিতে ফের সাইন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৪৭, ১৪ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন। পরে বিকেলে আবারও সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে তারা সেখান থেকে সায়েন্সল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

অবস্থান কর্মসূচির সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘তুমি কে, আমি কে? ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে? শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী’ স্লোগানও দেন।

তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. আবদুল্লাহ বলেন, এবারের পরীক্ষার রুটিনে কঠিন বিষয়গুলোর মধ্যে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। শিক্ষামন্ত্রী একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে আমরা পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবিগুলো বারবার উপেক্ষা করা হয়েছে। তাই আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছি। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শওকত আলী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবিগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান এবং প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

তবে শিক্ষার্থীরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্য, দাবি বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা ও প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা সাইন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি