ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রয়াত এই নেতার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করে।

যদিও এর আগে শোনা গিয়েছিল, সৌদি তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করেনি। কিন্তু পরবর্তীতে দেশটির পাঁচ সদস্যের একটি দল আসে।

আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানানার জন্য সপ্তাহব্যাপী আয়োজন করেছে ইরান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। তবে শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষ দেখার জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরান পাল্টা হামলা হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।  এতে করে এসব দেশের সঙ্গে সৌদির সম্পর্কে অবনতি ঘটে। কিন্তু তা সত্ত্বেও ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটি।

হামলার দিনই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। কিন্তু গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিক শোক জানায়নি। এরমাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে অস্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকছে বলে ধারণা করা হয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি