ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন করলো রাষ্ট্র সংস্কার আন্দোলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠক ঘিরেই তৈরি হয় এই বিরোধ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আপত্তি জানিয়ে বেরিয়ে আসেন দলটির দুই প্রতিনিধি প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া। 

হাসনাত কাইয়ুম বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনও ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের মতো বিষয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আদালতে তা বাতিল হওয়ার সুযোগ থাকে। এ কারণে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে সংস্কার পরিষদ প্রয়োজন।

হাসনাত কাইয়ুম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের কথা থাকলেও ক্ষমতা পাওয়ার পর সরকার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করেছে। এর প্রতিবাদ জানাতেই তারা বৈঠকে এসেছিলেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সংশোধনের মাধ্যমে করা পরিবর্তন পরবর্তী কোনো সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার পরিবর্তন করতে পারে। আবার সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হলে উচ্চ আদালতও সংশোধনী বাতিল করতে পারে। তাই জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনের জন্যও জনগণের ম্যান্ডেট নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে কমিটির পক্ষ থেকে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কমিটির সদস্যরা জানিয়েছেন, সংশ্লিষ্ট বাস্তবায়ন আদেশ সংবিধানবিরোধী এবং সংস্কার পরিষদ গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। 
তবে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি