ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন এমপি নজরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক ভবনের (ন্যাম ভবন) ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান নজরুল ইসলাম। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা আলাদা কক্ষে বিশ্রাম নিতে যান। বিকেল ৫টার পর দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ডাকতে তাঁর কক্ষের সামনে যান নজরুল। কয়েকবার ডাকাডাকির পরও দরজা না খোলায় জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এরপর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা; তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

ঘটনার পর ন্যাম ভবনের ওই কক্ষের সামনে ক্রাইমসিন ফিতা লাগানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি বছরের জুলাইয়ে মরিয়মকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জি এম নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা হয়। নজরুল ইসলাম তখন মরিয়মকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি