ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়নি: শাজাহান খান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এবারের বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়নি। এ বাজেটের মাধ্যমে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অর্থমন্ত্রীর দেওয়া অতীতের বাজেটগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে।  

আজ মঙ্গলবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মিথ্যা কথায় অত্যন্ত পারদর্শী উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি ও তার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারের মাত্রা এতোটাই বেড়েছে যে, তিনি জাতির পিতাকে নিয়ে বলেছেন, ‘শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেনি, আওয়ামী লীগের নেতৃত্বেও মুক্তিযুদ্ধ হয়নি’। মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। বিএনপি সেই সীমা অতিক্রম করেছে।

বিগত এপ্রিল মাসে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার দাবি করে শাজাহান খান ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, জামায়াত-শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও তাদের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করা এবং এ ধরনের যেসব ব্যক্তি বর্তমানে সরকারি চাকরিতে বহাল তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা, ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে সহিংসতাকারীদের স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষণ্নিকারী এবং মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাস্ট বা জেনোসাইড ডিনায়েল ল’-এর আদলে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করা।

তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হলেও জামায়াত-রাজাকারদের সন্তানরা যেন সরকারি চাকরি না পায়। কেননা, স্বাধীনতা বিরোধী রাজাকারদের সন্তানরা সরকারি চাকরি পেলে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধুলিসাৎ হয়ে যাবে। দেশপ্রেমহীন মেধা দেশের কোনো কল্যাণে আসে না, এ কারণে মেধাবী হলেও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-রাজাকার আর আল-শামসদের সন্তানরা যেন সরকারি চাকরিতে ঢুকতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট আলোচনার ১ম দিনে আজ সরকারি দলের মাহমুদ উস সামাদ চৌধুরী, এনামুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, ইসরাফিল আলম, কাজী রোজী, জাতীয় পার্টির মোহাম্মদ নোমান, শামীম হায়দার পাটোয়ারী ও জাসদের নাজমুল হক প্রধান অংশ নেন।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি