ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের ২০ অধ্যাদেশ বিলুপ্তির সুপারিশ সংসদীয় কমিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২৩, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও সংশোধনের বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।

কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে, সেগুলোর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে। ১. ১৬টি অধ্যাদেশ বর্তমানে এগুলো বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। ২. ৪টি অধ্যাদেশ এগুলো স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করেছেন এবং 'নোট অব ডিসেন্ট' প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলো হলো, অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ। সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ। বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ। স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।

যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন করা হচ্ছে না সেগুলো হচ্ছে- গণভোট অধ্যাদেশ-২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ-২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ-২০২৫, মাইক্রো ফাইনান্স ব্যাংক অধ্যাদেশ-২০২৬ এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৬।

এছাড়া ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো হচ্ছে- জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ-২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৬।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি