রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়?
প্রকাশিত : ১২:৫৫, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৪, ১৮ অক্টোবর ২০২৬
দীর্ঘ ১৮ বছর পর আদনান আজাদের সঙ্গে ফটোশুটের মাধ্যমে আলোচনায় ফিরলেন অভিনেত্রী অপু বিশ্বাস। পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে কৌতূহলৗ হয়ে উঠেছেন ভক্তরা। এর মধ্যে সামনে এসেছে নতুন সিনেমায় তাদের কাজ করার বিষয়টি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে আদনানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে এটি কেবল ফটোশুটেই সীমাবদ্ধ থাকবে, নাকি নতুন কোনো সিনেমার সূচনা হতে যাচ্ছে - তা নিয়ে এখনও আলোচনা চলছে।
অপু বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, আদনান আজাদের সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রাথমিক কথাবার্তাও চলছে।
অপরদিকে আদনানও বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে আগ্রহী। এ জন্য দেশের বাইরে থেকে দক্ষ একটি দল নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে সম্ভাব্য সিনেমার নাম, গল্প কিংবা নির্মাণের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১৮ বছর আগে চলচিত্রে অভিষেক
আদনান আজাদের সঙ্গে অপুর নতুন পরিচয় নয়। ১৮ বছর আগে পরিচালক গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। সেই সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হওয়ায় পুরোনো স্মৃতি ফিরে পাচ্ছেন ভক্তরা।
অপু বিশ্বাস ও আদনান আজাদ—দুজনেরই বাড়ি বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তাঁরা। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অপু। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।
‘সেকেন্ড ইনিংস’ নিয়ে ইঙ্গিত
ফটোশুটের ছবিগুলো প্রকাশ করে অপুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে ‘প্রফেসর’ বলে সম্বোধন করেন আদনান আজাদ। তিনি লেখেন, ১৮ বছর আগে অপুর হাত ধরেই তাঁর নায়ক হিসেবে পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু হলো তাঁর সঙ্গে।
অন্যদিকে, অপু বিশ্বাসও তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোকে একটি সুন্দর গল্পের অংশ হিসেবে তুলে ধরেছেন।
তাঁর পোস্টে ভক্তদের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুরোনো এই জুটিকে আবারও সিনেমার পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
সব মিলিয়ে, অপু বিশ্বাস ও আদনান আজাদের সাম্প্রতিক ফটোশুট পুরোনো জুটিকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তবে তাঁদের দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত কোন পথে এগোয়, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
ঐ.মিষ্টি










