ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে সেনা মোতায়েন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ২২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইতোমধ্যে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাসদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। তবে কতজন সেনাসদস্য বা কতটি প্লাটুন মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করেছে পুলিশ। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে কাজ করছেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মঙ্গলবারও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই। তারপরও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি